Image description

ফেনী জেনারেল হাসপাতালে স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে অশোভন মন্তব্য ও উত্তেজিতভাবে কথা বলার অভিযোগে চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া নার্সরা হলেন জাহানারা আক্তার কাজল, লক্ষী রানী দে, মিতালী রানী ও কণিকা রানী ভৌমিক। তাদের তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। সভায় হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং অতিরিক্ত রোগীর চাপ কমাতে করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় মন্ত্রী ছাড়াও ফেনী-২ আসনের এমপি অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানুসহ স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে কয়েকজন সিনিয়র স্টাফ নার্স সম্মেলন কক্ষে গিয়ে এমপিদের বক্তব্যের সমালোচনা করে কথা বলতে থাকেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন সমস্যা ও লোকবল সংকটের বিষয়ও তুলে ধরেন।

একপর্যায়ে উত্তেজিত নার্সদের কথা বলার ভিডিও ধারণ করেন এবং তা প্রচার করেন উপস্থিত কয়েকজন স্থানীয় গণমাধ্যমকর্মী।

ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বললেন, ‘তারা যেভাবে সমালোচনা করে উত্তেজিত স্বরে কথা বলেছেন, তা খুব দৃষ্টিকটু ছিল। তারা এভাবে বলতে পারেন না। তাদের কোনো বক্তব্য থাকলে তারা কর্তৃপক্ষের কাছে বলতে পারতেন।’

তিনি জানান, ‘এ অশোভন আচরণের জন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’

ডা. মোবারক হোসেন দুলাল আরও বলেন, ‘জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’