Image description
নেশার টাকার জন্য ১১ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকার নানার বাড়ি থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার পর তার বাবা হামিদুল বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিশুটির মা রুমানা আক্তার।
 
রুমানা আক্তার জানান, প্রায় দুই মাস আগে বিকেল ৫টার দিকে দুধ কিনে দেয়ার কথা বলে তার স্বামী হামিদুল ১১ মাস বয়সী একমাত্র কন্যাশিশুকে বাস টার্মিনালের দিকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
 
রুমানার দাবি, শিশুটিকে নিয়ে যাওয়ার পর হামিদুল মোবাইল ফোনে তাকে জানান, ১০ হাজার টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেয়া হবে। তবে আর্থিক সংকটের কারণে তিনি ওই টাকা দিতে পারেননি। এরপর থেকে শিশুটিকে ফিরে পাননি তিনি।
 
তিনি আরও জানান, হামিদুল পরে মোবাইল ফোন বন্ধ করে দেয়ায় তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
 
রুমানা ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, পরিবহন শ্রমিক হামিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতেই শিশুটিকে বিক্রি করে দেয়া হয়েছে বলে তাদের দাবি।
 
শিশুটিকে ফিরে পেতে সম্প্রতি আদালতে মামলা করেছেন রুমানা আক্তার। তবে শিশুটির বর্তমান অবস্থান বা তাকে কার কাছে দেয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।