কুমিল্লার বাঙ্গরায় ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাঙ্গরা থানার শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন হামলাকারী রাত ২টার দিকে ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে ঘরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আনোয়ার হোসেনকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে স্ত্রীও গুরুতর আহত হন।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আনোয়ার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার মারা যান। তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, রাত ২টার দিকে শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই দক্ষিণপাড়া এলাকায় ঘরে ঢুকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।