Image description

সিলেট নগরীতে একটি ভাড়া বাসা থেকে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) মৌলভীবাজারের পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তার স্ত্রীও পেশায় চিকিৎসক।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল রবিবার ওই ভাড়া বাসায় উঠেছেন চিকিৎসক দম্পতি। পদ্মজিৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তার স্ত্রীও তাই বলেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

নিহতের এক প্রতিবেশী বলেন, পদ্মজিৎ ও তার স্ত্রী দুজনেই চিকিৎসক। গতকাল রবিবার তারা ওই বাসায় উঠেছিলেন। এর মধ্যে আজ দুপুরে লাশ উদ্ধারের খবর পেলাম।