Image description

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহর (২০) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম বলেন, আমরা জামিন চেয়েছিলাম, তার জামিন নামঞ্জুর করেছে। সিফাত আবদুল্লাহ বিদ্যুৎ নিয়ে, জ্বালানিসংকট নিয়ে যে বক্তব্যের কারণে বা গালিগালাজের কারণে আলোচনায় এসেছে, সে বিষয় এজাহারে নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে এ বিষয় তোলেনি। ৪ জুনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাত আবদুল্লাহর কোনো সম্পর্ক নেই। এটি রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তার সিফাত ফ্যাসিবাদের দোসর। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। আজ তাঁর পক্ষে আইনজীবীরা জামিন চান, তবে বিজ্ঞ আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন। সিফাত ৫ আগস্টের আগে থেকেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করেছেন, তা এখনো অব্যাহত রেখেছেন।

এরা আগে, গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকার-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাতকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়।

সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দার আলীর ছেলে।