Image description

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া তিন কারাবন্দীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন হাজতি ও দুইজন কয়েদি। রোববার (৬ সেপ্টেম্বর) তাঁদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন হাজতি আবুল বাশার (৫৪), কয়েদি আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদত হোসেন লিটন (৪৮)।

হাসপাতাল সূত্রে জানা যায়, আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তাঁর বাবার নাম সেকান্দার আলী। আব্দুল কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তাঁর বাবার নাম দুদু মিয়া। কোন মামলায় তাঁরা কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কারারক্ষীরা কোনো তথ্য দিতে পারেননি।

কারারক্ষী শহীদ ও হেমায়েত হোসেন জানান, সকালে কারাগারের পৃথক দুটি স্থানে আবুল বাশার ও আব্দুল কাইয়ুম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে শাহাদত হোসেন লিটনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আমিনুল ইসলাম জানান, শাহাদাত হোসেন ২৮ আগস্ট কারাগারে অসুস্থ হয়ে পড়লে, তাঁকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

শাহাদত হোসেনের বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে। তাঁর বাবার নাম মৃত আব্দুল কাদের। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নম্বর ১১/০৭ এবং উত্তরা থানার মামলা ৯(১১)০৬-এর ৩০২, ৩৪ ও ২০১ ধারার মামলায় বন্দী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।