Image description

মাদক সেবন করে মাতাল অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। সেই জেরে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন স্বামী। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর দারুসসালামের একটি বাসায় এ ঘটনা ঘটে।

আহত জেসমিন আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গ্রেপ্তাররা হলেন আহত নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান (৪৫), তার ছেলে মো. রাকিব (২৫) ও ছেলের বন্ধু মো. হাতিম মিয়া (২১)। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

আজ রবিবার বিকালে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ওই নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর র‍্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, মান্নানের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি মাদক কারবার ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। ঘটনার দিন সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন।

আব্দুল মান্নানের উদ্বৃতি দিয়ে র‍্যাব জানায়, গুলি করার পর আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রাখতে ছেলেকে দিয়েছিলেন। পরে ছেলে গ্রেপ্তারের পর জানায়, এক বন্ধুর বাসায় সেটি লুকিয়ে রেখেছে। তার তথ্যের ভিত্তিতে রাকিবের বন্ধু হাতেমের বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, আব্দুল মান্নানের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।