রাষ্ট্রীয় সংস্কার ও গণদাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ এবং চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির কথা জানান দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রীয় ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যেই আমাদের এই রাজপথের কর্মসূচি। এই লংমার্চের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লংমার্চটি শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে এগোনোর পথে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লংমার্চটি চট্টগ্রামে পৌঁছালে লালদিঘী ময়দানে সমাপনী মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ৬ দফা মূল দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় দ্রুত বাস্তবায়ন। জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতকরণ। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সার সংকটের টেকসই নিরসন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা।দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন।প্রশাসনসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। লংমার্চ ও মহাসমাবেশ সফল করতে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।