সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের বাইরে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে কয়েকশ নেতাকর্মী অপেক্ষা করছেন।
এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে রয়েছে- ‘শুভেচ্ছা স্বাগতম, আমার ভাইয়ের আগমন’, ‘লাল গোলাপ শুভেচ্ছা’ এবং ‘আব্বাস ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে দলের নারী কর্মীরাও টার্মিনালের বাইরে সারিবদ্ধভাবে অবস্থান করছেন। তাদের সেই সারি প্রধান সড়ক পর্যন্ত পৌঁছেছে।