যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কামাল হোসেনের একাধিক স্ত্রীর মোট সাতজন সন্তান রয়েছে। সম্প্রতি আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হওয়ার পর সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান। এরপর ওই দুই শিশু সাবির (৫) ও আড়াই বছর বয়সী জাবির বাবা কামালের সঙ্গে ছিলেন। মঙ্গলবার বিকালে পুলিশ কামালের বসতঘরে শিশু দুটিকে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে। পরে উঠানে কামালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে পরে পিতা কামাল হোসেনও আত্মহত্যা করেছে। তার পরেও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণা বলা যাবে।