নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতার আশ্বাস দিয়েছে কমিটি।
বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিবৃতিতে কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জাহরাত আদিব চৌধুরী এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় কমিটি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা পরিবারগুলোর প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া সংহতি ও সহমর্মিতার বিবৃতির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংসদীয় কমিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে একাত্ম হয়ে নেপালকে মানবিক ও উদ্ধার সহায়তা দেওয়ার ক্ষেত্রেও কমিটি সহযোগিতার কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বাংলাদেশ গভীরভাবে উপলব্ধি করে। তাই নেপালের এই দুর্যোগে দেশটির সরকার ও জনগণের পাশে থাকার বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ ও জনগণ তাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছে স্থায়ী কমিটি।
একই সঙ্গে নেপালের জন্য প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে সরকারের উদ্যোগকে সমর্থন এবং সহযোগিতা করার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।