Image description

নবী প্রেমিকদের পদচারণায় মাতোয়ারা এখন বন্দর নগরী চট্টগ্রাম। প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) এর শানে নাত, গজলসহ নানা ধরনের ইসলামী সঙ্গীতের ধ্বনিতে চারিদিকে বিরাজ করছে অন্যরকম এক ধর্মীয় আবহ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে লাখো মানুষের অংশ গ্রহণে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ এই জুলুসে নেতৃত্ব দিচ্ছেন।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই জুলুস সকাল ১০টায় ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জুলুস শুরু হয়। জুলুস শুরুর আগে আল্লামা সাবির শাহ গণমাধ্যমকর্মীদের ব্রিফিং ও মুনাজাত করেন।

এসময় সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহসহ আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলম, সেক্রেটারী আনোয়ার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন।

জুলুস শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে পড়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দান ও আশেপাশের বিশাল এলাকা। বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, লালখানবাজার, টাইগার পাস হয়ে জুলুস পূনরায় একই রুটে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দানে গিয়ে মিলিত হবার কথা রয়েছে। সেখানে মিলাদ মাহফিল ও যোহরের নামাজ শেষে মুনাজাতের মধ্য দিয়ে জুলুস সমাপ্ত হবে।

জুলুসকে কেন্দ্র করে অন্যরকম ধর্মীয় আবহ বিরাজ করছে পুরো বন্দর নগরীতে। নগরীর বিভিন্ন সড়ক ও সড়ক মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীতে স্বাগত জানিয়ে তৈরি করা তোরণ। মাইকে বাজছে হামদ, নাত, গজলসহ নানা ধরনের ইসলামী সঙ্গীত। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এল রে দুনিয়ায়’, ‘এয়া নবী সালাম আলাইকা’, ‘তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা’, ‘সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিন গুলে লা লা’- ইসলামী নানা হামদ-না’তের সুরে মাতোয়ারা হয়ে ওঠেছে বন্দর নগরীর রাস্তা ঘাট।

নগরীর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও বাস, মাইক্রোবাস যোগে হাজার হাজার মানুষ এসে যোগ দিয়েছেন জুলুসে। জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, চকবাজার, ষোলশহর, জিইসি, ওয়াসা মোড়, কাজির দেউড়ী লালখানবাজার, টাইগার পাসসহ বিরাট অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এ জুলুসে অংশ নিচ্ছে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় রাসুল করীম (স.) এর পৃথিবীতে আগমনের দিনটি স্মরণে প্রতি বছর ১২ই রবিউল চট্টগ্রামে এই জশনে জুলুসের আয়োজন হয়ে থাকে।  এবার অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম জুলুস।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাই প্রেসিডেন্ট দেশ রূপান্তরকে বলেন, আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ’র নির্দেশনায় ১৯৭৪ সালে শুরু হওয়া এই জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.)  এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে। পরিণত হয়েছে নবী প্রেমিকদের মিলনমেলায়। এবার প্রায় ৫০ লাখ মানুষ জুলুসে অংশ নেবে বলে আমরা আশা করছি।