মৌলভীবাজারের কমলগঞ্জে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যায় তার বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
এজাহার থেকে জানা গেছে, প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ ছিল শরীফের। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসানোর জন্য নিজের ঘুমন্ত সন্তানকে গলা কেটে হত্যা করেন শরীফ। দায় চাপানোর চেষ্টা করেন সালেকের ওপর।
পরে সন্দেহ হলে শিশুটির মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় মামলা করেন।গ্রেপ্তার হন শরীফ। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তোফায়েল আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন।