Image description
নোয়াখালীর বেগমগঞ্জে বাংলা বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে দুই ছাত্রশিবির কর্মীসহ তিনজন আহত হয়েছেন।
 
​শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের একটি অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
 
​গুলিবিদ্ধরা হলেন- বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭) এবং আলাউদ্দিন হাজী বাড়ির কফিল উদ্দিন শিপনের ছেলে মো. নাদিম (১৭)। তারা দুজনই ছাত্রশিবিরের কর্মী। এ সময় তাদের সঙ্গে থাকা মো. হোসেনের ছেলে সাহের (১৭) আহত হন।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাংলা বাজার কালভার্টের ওপর মাস্ক পরিহিত একদল সন্ত্রাসী ওঁৎ পেতে ছিল। ভুক্তভোগীরা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুনের নেতৃত্বে সিএনজিচালিত অটোরিকশায় এসে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
 
পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
 
​এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন। একের পর এক এসব ঘটনায় বাংলা বাজার এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
​বেগমগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি জাকির হোসেন বলেন, ‘গত এক সপ্তাহের ব্যবধানে একই ধরনের ঘটনা বারবার ঘটছে। প্রশাসন এখনো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা দাবি জানাচ্ছি, প্রশাসন যেন দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে।’
 
​নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।