জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তারাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো একই পথে হাঁটছে। এ কারণে বিএনপিকেও তাদের অপকর্মের কারণে একই পথে যেতে হবে।’
আজ শনিবার সকালে নাটোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম খান বললেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১ আগস্ট জামায়াতকে বাতিল করেছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজ তারাই বিদায় হয়েছে।’ প্রতিটি ইউনিট শক্তিশালী করতে দায়িত্বশীলদের সবাইকে শক্তিশালী ইউনিট গঠন করতে হবে বলেও জানান তিনি। তার ভাষ্য, ‘শক্তিশালী ইউনিট গঠন করতে পারলে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করার সাহস কেউ পাবে না।’
জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সমাজ কায়েম করতে চায় উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেছেন, ‘সবার আগে পরিবারকে ইসলামভিত্তিকভাবে গঠন করতে হবে। এরপর শহর-বন্দর, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় ইসলামের গণভিত্তি রচনা করতে হবে।’
আওয়ামী লীগ সরকারের সময়ে দলের সব সিনিয়র নেতাকে প্রহসনের রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল দাবি করে তিনি বলেন, ‘তারপরও আমাদের এই পথ চলা বিন্দু পরিমাণ থেমে থাকেনি। কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’
সরকারকে সতর্ক করে জামায়াতের এই নেতা বলেন, ‘জনগণের গণরায় নিয়ে কোনো রকম তালবাহানা করবেন না। অনতিবিলম্বে জনগণের গণরায় মেনে নিন। অন্যথায় জনগণ আপনাদের আওয়ামী লীগ সরকারের মতো বিদায় করবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বাংলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে।’ এ কারণে সবাইকে সব পথ, মত ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ নজরুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল হাশেম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।