Image description

চট্টগ্রামের পটিয়ায় আমদানি করা শিশুদের ডায়াপারের মেয়াদ মুছে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩২ লাখ টাকা বাজারমূল্যের ২০ হাজার পিস মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার ধ্বংস করা হয়।

আজ বৃহস্পতিবার পটিয়ার পাচুরিয়া ও হালিম খাঁর চর এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পাচুরিয়া, হালিম খাঁর চর এলাকায় অবস্থিত হাক্কানিয়া পেপার অ্যান্ড পাল্প মিলে অনিয়মের বিষয়টি ধরা পড়ে।

 

প্রতিষ্ঠানটি আমদানি করা বেবি ডায়াপার বাজারজাত করে আসছিল। এসব ডায়াপারের মূল মেয়াদ ফেব্রুয়ারি ২০২৬ এ শেষ হয়ে গেলেও কৌশলে সেই মেয়াদ মুছে ফেব্রুয়ারি ২০২৭ ও ডিসেম্বর ২০২৮ সালের নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করছিল বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার, যার বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ টাকা। পরে জব্দকৃত ডায়াপার কেটে ধ্বংস করা হয়।

এ ছাড়া পাচুরিয়া মোড় এলাকার খাজা হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই এলাকার ক্যাফে ফুলবন নামের একটি হোটেলে উৎপাদিত খাদ্যপণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।