Image description
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনদিন পর পাল্টাপাল্টি মামলা হয়েছে।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এমপি আমির হামজার সমর্থক মমিন বিশ্বাস এবং গণঅধিকার পরিষদের পক্ষে রুমন হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।
 
তবে ওই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শনিবার এমপি আমির হামজা, তার সমর্থক-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় এমপি আমির হামজার ব্যক্তিগত গাড়ি ও গণঅধিকার পরিষদের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠান।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এঘটনায় উভয়পক্ষের দুটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।’