সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি খারিজ করেছেন হাইকোর্ট। এই অনুচ্ছেদটি সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে আসন শূন্য হওয়াসংক্রান্ত।
আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।
আদালত বলেছেন, এই রিট আবেদনে কোনো সারবত্তা নেই। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতার বিষয়ে পার্লামেন্টে সিদ্ধান্ত হওয়া ভালো।
এর আগে ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিষয়ে বলা আছে। এই অনুচ্ছেদের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি এই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে। তবে তিনি এ কারণে পরবর্তী সময়ে কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
এর আগেও ৭০ অনুচ্ছেদ নিয়ে রিট আবেদন করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৫ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল দেন। বেঞ্চের অন্য বিচারপতি খারিজ করেন আবেদনটি।
পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠান, যা তৃতীয় বেঞ্চ হিসেবে পরিচিত। একই বছরের ১৮ মার্চ একক বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।