দেশে সারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পর্যাপ্ত মজুত থাকার পরও সার নিয়ে যে বিশৃঙ্খলা হচ্ছে, তা ‘প্ল্যানওয়াইজ’ বা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কার্গো ভিলেজ, কোল্ড স্টোরেজ ও কুল রুমসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে সার সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘এখন গত বছরের তুলনায় আমাদের কাছে বেশি সার আছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গা নেই।
তিনি বলেন, সরকার সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘যেহেতু আমাদের কাছে সার আছে, তাই ষড়যন্ত্র নিয়ে ভয় নেই।’ যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘এগুলো ভালো নয়, এগুলো করবেন না।’
কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও সংরক্ষণসুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের সুবিধা বাড়ানো হলে কৃষিপণ্য দ্রুত ও মানসম্মতভাবে রপ্তানি করা সম্ভব হবে।
সার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘আমিও ভিডিও দেখি। মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, দোকানদার বলছে সার দেওয়া যাবে না। কেন? আপনার গুদামের ভেতরে সার থাকা সত্ত্বেও দেওয়া যাবে না কেন? তখন বলা হচ্ছে, আপনার আইডি কার্ড নেই। পরে তিনি চেয়ারম্যানকে নিয়ে আসছেন, তারপর সার পেয়েছেন।’
তিনি বলেন, ‘আমাদের কিছু মানুষ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রত্যেকটি বিষয়ই তো যুগোপযোগী হয়। আজ আপনাদের সামনে মাইকে কথা বলছি। আমার ছোটবেলায় দেখতাম, মাইকের সঙ্গে চোঙা লাগিয়ে কথা বলা হতো আওয়াজ বাড়ানোর জন্য। সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘যুগের সঙ্গে সঙ্গে নতুন নতুন নীতি তৈরি হবে। সরকার জনগণের কল্যাণের জন্যই নীতি গ্রহণ করে। যখনই কোনো নতুন নীতি প্রয়োগ করা হয়, এর আগে যারা ছিলেন, তারা মনে করেন-এই বুঝি আমাদের সমস্যা হয়ে গেল। ঘটনা আসলে এমন নয়। ধীরে ধীরে তারাও বুঝতে পারছেন, বিষয়টি ঠিক হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সারের কোনো সংকট নেই। আমাদের সদিচ্ছা আছে। কৃষকের কাছে সার পৌঁছে দিতে আমরা কাজ করছি। যারা সারের সংকট বা এ ধরনের পরিস্থিতি তৈরির জন্য কাজ করছেন, আপনাদের মাধ্যমে তাঁদের সবাইকে বলব-ভালো কাজ করছেন না, এগুলো করবেন না। সরকারের কাছে পর্যাপ্ত সার আছে। তারপরও কেউ অনিয়ম করলে আইন আইনের গতিতে চলবে।’