সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরে বিস্তারিত জানা যাবে।
জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, ‘উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’