রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।’
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।
এদিকে, মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হবে। নির্বাচনটি সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোটে অংশ নেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদকক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা তাদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন।
তিনি জানান, রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকার ভোট দেওয়ার সময় তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণ শেষে গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াও সরাসরি সম্প্রচার করা হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কেউ একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে, সেই দল ছেড়ে দিলে তার সংসদীয় আসন চলে যাবে। এছাড়া সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে।