ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আমতলী বিশ্বরোড থেকে পদুয়া বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল ইসলাম যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কে সংস্কারকাজ চলার কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে বর্তমানে খানাখন্দ ও বড় গর্ত তৈরি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর মধ্যে ধীরগতিতে সংস্কারকাজ চলায় যানজটের মাত্রা বেড়েছে।
সংশ্লিষ্টরা জানান, কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়ক অংশ দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজার যানবাহন চলাচল করে। বিভিন্ন স্থানে সড়কের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় প্রায় এক ঘণ্টা যানজটে আটকে ছিলেন ব্যবসায়ী আরাফাত ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কোটবাড়ি এলাকায় এক ঘণ্টা ধরে আটকে আছেন। এর আগেও একই ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে।
সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আমতলী বিশ্বরোড এলাকায় সকাল থেকে মেরামতকাজ চলছে। এ কারণে মহাসড়কে যান চলাচল ধীর হয়ে গেছে।
মহাসড়কের দ্রুত সংস্কারকাজ শেষ করে খানাখন্দ মেরামত এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।
শীর্ষনিউজ