জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো বলা যাচ্ছে না, খুন-খারাবি লেগেই আছে। জনগণের এগুলো প্রত্যাশা ছিল না, তাদের প্রত্যাশা মত দেশ চলছে না। ব্যাংকিং সেক্টরে কোনো শৃঙ্খলা নেই, শেয়ার মার্কেট মাটির সঙ্গে পড়ে রয়েছে, উঠে দাঁড়াতে পারছে না।
সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শফিকুর রহমান বলেন, সাংবাদিকরা লিখতে পারছেন না, অলিখিত সেন্সরশিপ আরোপ করা রয়েছে। গ্যাস বিদ্যুৎ বেসরকারি সেক্টরে দেয়া হবে শোনা যাচ্ছে, যারা বেসরকারি সেক্টরে নেবে তারা জনগণকে আরও বেশি জিম্মি করবে।
তিনি আরও বলেন, সরকার তাদের দায় জনগণের ওপর চাপানোর চেষ্টা করছে। আমরা শঙ্কিত, বিরোধীদল হিসেবে এগুলো মেনে নেয়া হবে না। অব্যাহত প্রতিবাদ হবে, সামর্থ্য থাকলে প্রতিরোধও করা হবে। এজন্য আমরা সবার সহযোগিতা চাই।
মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর শাহিনুর আলম ও সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম।