কিশোরগঞ্জের কটিয়াদীতে জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রায় ৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে এবং সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামানের অর্থায়নে পুলেরঘাট-বনগ্রাম বাজার সড়কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে এ সংস্কারকাজ করা হয়।
পুলেরঘাট থেকে বনগ্রাম বাজার পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের এসব গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগ কমাতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোতে সংস্কারকাজ শুরু করে জামায়াতে ইসলামী। সংস্কারকাজের ফলে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংস্কারকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামানের কনিষ্ঠ ছেলে মোহাম্মদ সাব্বির জামান রনি, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু ঈসা, সেক্রেটারি জুনায়েদ মাস্টার, সহকারী সেক্রেটারি উবাইদুল্লাহ হাদীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, পুলেরঘাট-বনগ্রাম বাজার সড়কটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় আপাতত সড়কটি চলাচলের উপযোগী হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
তবে স্থানীয়দের দাবি, সাময়িক সংস্কারের পাশাপাশি সড়কটির স্থায়ী ও টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে।