ডিজিএফআই সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন টিম। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের সেখানে যাওয়ার কথা রয়েছে।
পরিদর্শন দলে থাকবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরাও পরিদর্শনে অংশ নেবেন। আসামিপক্ষের আইনজীবীরাও এ পরিদর্শনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিমের সদস্যরা।
সেদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ সংশ্লিষ্টরা ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন। পাশাপাশি সাতটি ডেথ সেলও পরিদর্শন করেন তারা। এসব সেলে বন্দিদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ ও পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন পরিদর্শনকারী দলের সদস্যরা।
শীর্ষনিউজ