Image description

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সমর সাহার একটি ফেসবুক মন্তব্যকে ঘিরে সমালোচনার জন্ম দিয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে স্ট্যান্ড রিলিজ করেছে। বুধবার (৫ আগস্ট) তাকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন জানান, সমর সাহাকে মাধবপুর থেকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল জানান, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন অফিস আদালতে ঘাপটি মেরে বসে রয়েছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।

জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে থেকে গোপনে সরকারকে বিব্রত করার জন্য কাজ করে যাচ্ছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া এখনই দরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে জেনেছি।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা বিষয়ক এক ফটোকার্ড মঙ্গলবার সন্ধ্যায় একটি দৈনিকের ফেসবুক ফেজে প্রকাশিত হয়। সেখানে সমীর সাহা নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্য করেন, ‘দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?’ মন্তব্যটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন।