Image description

গণভবনের প্রতিটি ইট যেন বহন করছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি। সেই গণভবন রূপান্তর হলো স্মৃতি জাদুঘরে। আজ (৬ আগস্ট) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে পরিদর্শনের আগেই অনলাইনে নিবন্ধন, টাইম-স্লট নির্বাচন এবং টিকিট বুকিং সম্পন্ন করতে হবে। 

জাদুঘরের মূল ভবনে যেতে প্রতিদিন তিনটি স্লট (সময়সীমা) রাখা হয়েছে। প্রতিটিতে সর্বোচ্চ ৩০০ জন করে দিনে ৯০০ দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। এর মধ্যে মর্নিং স্লট বেলা ১১টা থেকে ১টা, মিড ডে বেলা ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিদর্শন করা যাবে। 

টিকিটের গায়ে উল্লিখিত সময়ের মধ্যেই মূল ভবনে প্রবেশ করা যাবে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৯ আগস্ট পর্যন্ত সব স্লটের টিকিট বুকিং হয়ে গেছে। তবে ১০ আগস্ট থেকে বিভিন্ন স্লটের টিকিট কাটতে পারবেন দর্শনার্থীরা।

যেভাবে বুক করবেন টিকিট
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গৌরবময় ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই জাদুঘরে প্রবেশের জন্য দর্শনার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভিড় এড়াতে এবং সুশৃঙ্খলভাবে দর্শনার্থীদের প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে টাইম-স্লটভিত্তিক প্রবেশ ব্যবস্থা।

 

জাদুঘর পরিদর্শনের আগে দর্শনার্থীদের অবশ্যই ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো একটি টাইম-স্লট নির্বাচন করে অনলাইনে টিকিট কিনতে হবে। 

টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য থাকছে ৫০ টাকা। আর শিশুদের জন ২০ টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের ৫০০ এবং অন্যান্য দেশের জন ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে টিকিটের দাম। নিবন্ধন ও টিকিট বুকিং সম্পন্ন হলেই নির্ধারিত সময়ে জাদুঘরে প্রবেশ করা যাবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট কাটতে এখানে ক্লিক করুন।