দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পরীক্ষার উত্তরপত্রে জালিয়াতি (ট্যাম্পারিং) ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষাসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুশ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং আলিম প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা ২০২৬-এ অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উত্তরপত্রে কারচুপি ও অনৈতিক পন্থা অবলম্বন করে। পরে উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীদের তালিকা বিশ্লেষণে দেখা যায়, মোট ৩০ জনের মধ্যে সর্বোচ্চ ১২ জন আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া সপ্তম শ্রেণির আটজন, অষ্টম শ্রেণির তিনজন, নবম শ্রেণির দুইজন, দশম শ্রেণির তিনজন এবং ষষ্ঠ শ্রেণির দুইজন শিক্ষার্থী রয়েছে।
মাদ্রাসার পরীক্ষা শাখা সূত্রে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সর্বাধিক ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে উত্তরপত্র জালিয়াতির প্রমাণ মেলে। এ ছাড়া আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কোরআন, পৌরনীতি, ইতিহাস এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষায়ও এই অনিয়ম ধরা পড়ে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম, শিক্ষার মান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং একাডেমিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে ভবিষ্যতেও আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে।