সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি নাটকীয় ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে— ‘সাভার আশুলিয়া এলাকায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা’। ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি প্রচার করে সাভার-আশুলিয়ার সাম্প্রতিক ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ভিডিওটিতে প্রদর্শিত ঘটনাটি সাভার বা আশুলিয়ার কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তৈরি স্ক্রিপ্টেড (নাটকীয়) ভিডিওর অংশ।
রিভার্স ইমেজ সার্চ ও আসল ফেসবুক আইডি
ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করা হলে, গত ১৪ নভেম্বর ‘Pritidev Bishnoi’ (প্রীতিদেব বিষ্ণয়) নামের একটি ফেসবুক আইডিতে মূল ভিডিওটির সন্ধান পাওয়া যায়।
পরবর্তীতে প্রীতিদেব বিষ্ণয়ের প্রোফাইলটি গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায়, তিনি মূলত সচেতনতামূলক ও বিনোদনধর্মী কাল্পনিক স্ক্রিপ্টেড ভিডিও কনটেন্ট তৈরি করে থাকেন। উক্ত বিতর্কিত ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরেও তাঁকে নিয়মিত নিজের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের নাটকীয় কনটেন্ট প্রকাশ করতে দেখা গেছে।
সার্বিক তথ্য ও ফেসবুক অ্যাকাউন্টের বিষয়বস্তু বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগ নেতাকে না পেয়ে তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা’ দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব অপরাধের দৃশ্য নয়। ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর প্রীতিদেব বিষ্ণয়ের একটি স্ক্রিপ্টেড ভিডিওর অংশবিশেষ কেটে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে মনগড়া ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে।