Image description

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ১২ ঘণ্টার মধ্যে দায়ীদের শনাক্তের দাবি জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারলে থানার সামনে আত্মহত্যা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা-পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে এ ঘোষণা দেন বিল্লাল হোসেন ব্যাপারী।

শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ব্যাপারী অভিযোগ করেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি তার একটি ছবির সঙ্গে টেবিলে রাখা কয়েকটি মদের বোতল এবং আরও দুজন ব্যক্তির ছবি যুক্ত করে সম্পাদিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তার দাবি, এ ঘটনার মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি জানার পরপরই শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত পুলিশ দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপারকে উদ্দেশ করে বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীদের শনাক্ত করা না হলে তিনি থানার সামনে গিয়ে আত্মহত্যা করবেন।

তিনি আরও বলেন, একজন পৌর বিএনপি নেতার অভিযোগেরও যদি কার্যকর প্রতিকার না হয়, তাহলে সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কীভাবে সেবা পাবে—সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শীর্ষনিউজ