Image description

ছেলে যদি কখনো প্রেম না করে, তাহলে তার বিয়েতে হেলিকপ্টারে করে বউ আনবেন- এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামের বাসিন্দা হোসেন আলী।

দীর্ঘদিন আগে দেওয়া সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়ন করেছেন তিনি। ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে হেলিকপ্টারে করে বাড়িতে এনে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঘিওর উপজেলার উত্তরতরা গ্রামে ছিল ব্যতিক্রমী এই আয়োজন।

পরিবার সূত্রে জানা যায়, হোসেন আলীর ছেলে কামরুল হাসান কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। বাবার ইচ্ছা অনুযায়ী তিনি সবসময় ভদ্র ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেছেন। সেই কারণেই প্রতিশ্রুতি রক্ষা করতে হেলিকপ্টারের আয়োজন করেন হোসেন আলী।

পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার চারিগ্রাম মধ্যপাড়ার মোবারক হোসেনের মেয়ে মুন্নী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে কামরুল হাসানের বিয়ে সম্পন্ন হয়।

শুক্রবার বিকেলে হেলিকপ্টারে করে নববধূ মুন্নী আক্তারকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন বর কামরুল হাসান। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভিড় করেন সেখানে। সৃষ্টি হয় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের।

হেলিকপ্টারে বিয়ে দেখতে আসা দর্শনার্থী মো. সজিব মিয়া বলেন, এটি শুধু একজন বাবার প্রতিশ্রুতি রক্ষার ঘটনা নয়, বরং পরিবারের মূল্যবোধ ও শৃঙ্খলার একটি উদাহরণ হিসেবেও দেখা যেতে পারে।

বরের বাবা হোসেন আলী বলেন, ছেলে আমার কথা শুনেছে, ভদ্রভাবে চলেছে এবং কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি। তাই আমি আমার নিজের প্রতিশ্রুতি অনুযায়ী হেলিকপ্টার ভাড়া করে ছেলের বউকে বাড়িতে নিয়ে এসেছি।

শীর্ষনিউজ