বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ পরিকল্পনার কথা জানানো হয়। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও চাহিদা বিবেচনায় স্থানীয়ভাবে তারা উৎপাদন বাড়াতে চায়। বর্তমানে প্রতিষ্ঠানটি তুরস্ক থেকে টেক্সটাইল পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, প্রতিযোগিতামূলক উৎপাদন ব্যয় এবং রপ্তানি সম্ভাবনা তাদের বিনিয়োগে উৎসাহিত করেছে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্য সংযোজিত (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে উচ্চমানের কাঁচামাল ও পণ্য উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। স্থানীয় উৎপাদন সুবিধা চালু হলে নতুন আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও বাংলাদেশে আনা সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশের বিদ্যমান টেক্সটাইল শিল্পও উপকৃত হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন ও অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতোমধ্যে শেষ হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যেই প্রকল্পের পরবর্তী ধাপ শুরু হবে। নির্মাণকাজ শুরুর ১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের।
বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে।