Image description

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হবিগঞ্জ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন তিনি।

 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

 

তিনি আরও লেখেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত।

 

হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই মুখপাত্র।