Image description

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা বলেছেন, ‘আমাদেরকে সরকার যথেষ্ট সহযোগিতা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে, দেশেরওভারঅল স্বাস্থ্য সিচুয়েশনে উনি হ্যাপি না। উনি হচ্ছে আদ-দ্বীনকে পানিশমেন্ট (শাস্তি) দিয়েছেন, কারণ আদ-দ্বীনে পানিশমেন্ট পাওয়ার মতো কাজ হয়েছিল, কিন্তু উনি অন্যদেরকেও সতর্ক করেছেন।’

৪৭দিন পর লাইসেন্স ফিরে পাওয়ার পর মঙ্গলবার (২৮ জুলাই) আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা শুরু হয়েছে। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক জামালুন্নেসা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি মনে করি যে, দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি, আমাদের সবারই কেয়ারফুল হওয়া দরকার। স্বাস্থ্যমন্ত্রী এই মেসেজটা সবাইকে দিতে চেয়েছেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের যে রিসেন্ট ঘটনা ঘটে গেছে শিশু মৃত্যুর ব্যাপারে সে ব্যাপারে আমরা আগেও আমরা দুঃখ প্রকাশ করেছি। এখনো জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যে ক্ষতি পরিবারগুলোর হয়ে গেছে, কোনো মূল্যে সেটা ফেরত আনা সম্ভব না। কিন্তু এ ঘটনার সুবাদে আমাদের ৪৭ দিন লাইসেন্স বাতিল ছিল।’

অধ্যাপক জামালুন্নেসা বলেন, ‘সরকারকে ধন্যবাদ আমাদেরকে লাইসেন্সটা ফেরত দিয়েছেন। আমরা এটার মর্যাদা রাখার চেষ্টা করবো। মানুষ তো কেউ ফেরেশতা না, প্রতিষ্ঠানও ফেরেশতা না। আমাদের আরো সচেতন হতে হবে। আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সেবামূল্য কম নিয়ে সেবা দেওয়ার।’