Image description
আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। সার্বিক চেষ্টা চলছে। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কেটে যেতে শুরু করবে।’
 
সোমবার (২৭ জুলাই) দেশে গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
 
তিনি বলেন, ‘গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন ও সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। তবে এটা সরকারি প্রতিষ্ঠানের নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি।’
 
তিনি বলেন, ‘আমাদের টিম সার্বক্ষণিক তাদের সঙ্গে কাজ করছে। আশা করছি, আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে।’
 
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহে সরবরাহ ৫০ শতাংশ পর্যন্ত স্বাভাবিক করা গেলে পরের সপ্তাহে শতভাগ পুনরুদ্ধার সম্ভব হবে।