Image description

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার জন্য স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনারেরা।

 

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের দপ্তরে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তপশিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

 

চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এ ছাড়াও সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।

 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।