দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্তাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক প্রকৌশলী দম্পতি বদলির পরও নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দেওয়ায় তাদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্তি) কার্যকর করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (২৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার যুগ্মসচিব মো. রবিউল ইসলাম জানান, বদলির আদেশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। সে অনুযায়ী সোমবার থেকে দুই কর্মকর্তার ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
গত ২৩ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহ সিটি করপোরেশনে এবং তার স্ত্রী, নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তাকে রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। প্রজ্ঞাপনে ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় ২৭ জুলাই থেকে তাদের স্ট্যান্ড রিলিজপ্রাপ্ত হিসেবে গণ্য করার কথা উল্লেখ ছিল।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সুমনা আল মজীদ জানিয়েছেন, রোববার পর্যন্ত শাহীন-উল ইসলাম চৌধুরী সেখানে যোগ দেননি।
এর আগে গত ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগ প্রকৌশলী দম্পতির বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়। ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তদন্ত শেষ হওয়ার আগেই তাদের বদলির আদেশ দেওয়া হয়।
গত ২৫ জুন চট্টগ্রামের বাসিন্দা মেহেদী চৌধুরী স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ফাইল বাণিজ্য, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, প্রায় ৫০ কোটি টাকার সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়।
এদিকে, গত ২৩ জুলাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে প্রকৌশলী সংকট, চলমান উন্নয়নকাজ এবং পারিবারিক কারণ বিবেচনায় নিয়ে এ দুই কর্মকর্তার বদলির আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান।
শীর্ষনিউজ