ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।
২ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি নিজ কার্যালয়ের চেয়ারে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা গুনে গুনে নিচ্ছেন। এ সময় বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে তাকে মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। ওনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ অভিযোগ অস্বীকার করে এশিয়া পোস্টকে বলেন, ‘এটি ঘুষের টাকা নয়, ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার দৃশ্য। অনেকেই আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন, পরে তা শোধ করেন। সেই টাকা নেওয়ার সময়ের ভিডিও এটি।’ তবে কিছুক্ষণ পর মোবাইল ফোনে তিনি আবার দাবি করেন, ‘ভূমি অফিসের অন্য কর্মকর্তা ছুটিতে থাকায় বর্তমানে আমি তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করছি।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এই ভূমি অফিসে জমির নামজারির (মিউটেশন) জন্য নির্ধারিত সরকারি ফি’র চেয়ে প্রতি দলিলে ৩০ থেকে ৪০ গুণ পর্যন্ত বেশি টাকা দাবি করা হয় এবং সেবাগ্রহীতারা তা দিতে বাধ্য হন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এশিয়া পোস্টকে জানান, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে এর আগেও ইমরান শেখকে শোকজ করা হয়েছিল। ভিডিওটির সত্যতা যাচাই ও তদন্ত সাপেক্ষে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।