ভারতে উদ্বোধনের মাত্র ১২ দিন পার হতেই ধসে পড়েছে ৪ হাজার ৭০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত উত্তর প্রদেশের গ্রিনফিল্ড ন্যাশনাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ। এ ঘটনায় সেখানকার সড়ক নির্মাণের মান নিয়ে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উন্নাওয়ের ৪৯ কিলোমিটার পয়েন্ট পরিদর্শনের পর যৌথভাবে এই লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধনের কয়েক দিন পরেই উন্নাওয়ের কোরারি এলাকার কাছে কানপুর থেকে লখনউগামী লেনের প্রায় ৫ থেকে ৭ মিটার সড়ক ধসে যায়। ভারী বৃষ্টির কারণে রাস্তার নিচের মাটি সরে গিয়েই এই ধস নেমেছে বলে জানা গেছে।
সামাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব সামাজিক যোগাযোগমাধ্যমে ধসে যাওয়া রাস্তার একটি ভিডিও শেয়ার করার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। এত কোটি রুপি বাজেটের প্রকল্পে নিম্নমানের কাজ এবং মান নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তিনি কড়া সমালোচনা করেন।
মধুসূদন যাদব বলেন, বড় বড় দাবি করে উদ্বোধন করা এই সড়ক কিছুদিন না যেতেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য বিষয়টি নজরে আসার পর ক্ষতিগ্রস্ত অংশে জোড়াতালি দিয়ে সাময়িকভাবে সংস্কার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্বোধনের আগেও এই এক্সপ্রেসওয়েতে একবার ভাঙন ধরেছিল। সে সময় উত্তর প্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং সমালোচনার জবাবে বলেছিলেন, নিজেরা নিজেদের রাস্তা বানিয়ে নিন।
তিনি আরও দাবি করেছিলেন, নির্মাণের সময় রাস্তা ভাঙা স্বাভাবিক ঘটনা এবং এতে নতুন কিছু নেই।
উল্লেখ্য, ৬৩ কিলোমিটার দীর্ঘ ও ৬ লেনের এই লখনউ-কানপুর এক্সপ্রেসওয়েতে ভারতের দ্বিতীয় দীর্ঘতম এলিভেটেড করিডোর রয়েছে। এই এক্সপ্রেসওয়েতে রয়েছে এআইভিত্তিক গতি পর্যবেক্ষণ ব্যবস্থা ও প্রতি ২ কিলোমিটারে জরুরি কল বক্স। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর উপযোগী করে তৈরি এই সড়ক লখনউ থেকে কানপুরের ভ্রমণ সময় কমিয়ে ৩৫-৪৫ মিনিটে নামিয়ে এনেছে।