লালমনিরহাটে টাকা নিয়ে এক মাদককারবারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাদক লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির চার সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের আতিয়ার রহমান (৪০), আনারুল ইসলাম (৪৫), আব্দুর রাজ্জাক (৩৫) ও জাহেদুল ইসলাম (৪৫)। তারা জেলার সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাটের মাদক প্রতিরোধ কমিটির সদস্য ছিলেন। আব্দুর রাজ্জাক খুনিয়াগাছ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকও।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খুনিয়াগাছ ইউনিয়নে ২৬২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ এক মাদককারবারীকে আটক করেন ওই কমিটির সদস্যরা।
অভিযোগ রয়েছে, পরে তাকে পুলিশের কাছে না দিয়ে ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে গোপনে ছেড়ে দেন।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত চার সদস্যকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
খুনিয়াগাছ ইউনিয়নের সামাজিক অপরাধ পর্যবেক্ষণ ও তদারকি কমিটির প্রধান সমন্বয়ক এএসএম খায়রুজ্জামান বাদল বলেছেন, সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ওই চার সদস্যকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ আগামীর সময়কে জানিয়েছেন, ধর্তব্য অপরাধে জড়িত থাকার সন্দেহ এবং জনরোষ এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।