রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশেনের নিচে ছাতার মধ্যে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করার সময় মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হয়েছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী।
শুক্রবার রাত ৮টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
আহতের বন্ধু শামসুল হক জানিয়েছেন, মিরাজ আহমেদসহ তারা তিন বন্ধু টিকাটুলির রাজধানী মার্কেট থেকে রিকশাযোগে মতিঝিল মেট্রোস্টেশনে নামা মাত্রই বিকট শব্দ হয়। এতে কিছু একটা মিরাজের বাম চোখে লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পাঠিয়ে দেন চিকিৎসক।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেছেন, আহত যুবক ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়া ডাকুরি গ্রামে। মতিঝিলের আরামবাগে থাকেন তিনি।