Image description

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আটজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র বাধার মুখে তারা নদীপথেই আবার ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কেটে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী এবং দুজন হিজড়া (ট্রান্সজেন্ডার) ছিলেন।

বিজিবির টহল দল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে সীমান্তে কঠোর অবস্থান নেয়। এতে বিএসএফের সহায়তায় আসা ওই ব্যক্তিরা বাংলাদেশে ঢুকতে না পেরে নদীপথ ব্যবহার করেই ভারতের অভ্যন্তরে ফিরে যান। ফলে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এর আগে চলতি বছরে দৌলতপুর সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। গত ১২ জুন নারী ও শিশুসহ ১২ জন এবং একই রাতে বিলগাতুয়া ও জয়পুর সীমান্ত দিয়ে আরও ১২ জন, ১৪ জুন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে ১ জন এবং সর্বশেষ ২৫ জুন মুন্সিগঞ্জ ঘাট সীমান্ত দিয়ে ১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

তবে প্রতিটি ক্ষেত্রেই বিজিবির কড়া নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় বিএসএফের এসব চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।