Image description

বগুড়ায় জাল টাকা সংক্রান্ত মামলায় জামিনে থাকা এক আসামি আদালতে হাজিরা দিতে এসে সাড়ে চার লাখেরও বেশি টাকার জাল নোটসহ আবারও গ্রেপ্তার হয়েছেন।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা জজ আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (৪৭) নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। এর আগেও তিনি জাল নোটসহ তিনবার গ্রেপ্তার হয়েছেন।

 

ডিবি পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আগে দায়ের হওয়া একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। তিনি তার আইনজীবীর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা।

 

পুলিশ আরও জানায়, রফিকুল ইসলাম পেশাদার জাল নোট কারবারি। এর আগেও তিনি জাল নোটসহ তিনবার গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে বিভিন্ন আদালতে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল দাবি করেন, আদালতে হাজিরা দিতে আসার সময় তার সঙ্গে থাকা অন্য এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগটি তার কাছে রেখে পালিয়ে যান।

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইকবাল বাহার জানান, জাল নোট উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে বগুড়া সদর থানায় নতুন একটি মামলা করেছেন। উদ্ধার হওয়া জাল নোটের উৎস এবং এর চক্রে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।