Image description

বগুড়া সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নিপীড়নের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

আটকরা হলেন উপজেলার ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম। এ ছাড়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কর্মচারী একই এলাকার মাহবুবুর রহমান পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন কারাগারে ছিলেন। সেই সুযোগে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হন। সম্প্রতি ভুক্তভোগীর স্বামী জামিনে বাড়ি ফিরে স্ত্রীর শারীরিক পরিবর্তন টের পান। পরে জানতে চাইলে, ধর্ষণের কথা জানান ওই নারী। গতকাল বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত দুজনকে আটক করেন।

ওই নারীর স্বামী বলেন, তিনি কারাগারে থাকা অবস্থায় স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে এই অপকর্ম করেছে। বিষয়টি না জানাতেও ভয় দেখানো হয়। তিনি এ ঘটনায় বিচার চান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়হান বলেন, আটকের পর অভিযুক্ত দুজন ধর্ষণের কথা স্বীকার করেছেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, বাকি এক অভিযুক্তকে আটকে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী বা পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।