Image description

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রুশ নাগরিকদের বহনকারী একটি বাসের সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আট রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত রুশ নাগরিকদের মধ্যে চারজন নারী রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থেকে ঢাকাগামী কাঁচামালবোঝাই একটি ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী রুশ নাগরিকবাহী একটি বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের মৃত্যু হয়।

এ সময় উভয় গাড়ির চালক, ট্রাকের চালকের সহকারী এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে আট রুশ নাগরিক রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আহতদের দেখতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ এবং গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্ধার তৎপরতায় রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে আপাতত মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।