হঠাৎ টর্নেডোতে ফেনীর সোনাগাজীতে একটি পুরো গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। একমুহূর্তের এই টর্নেডোতে গ্রামটিতে থাকা অন্তত ৩৫টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায়। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। এতে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মতো ছোট-বড় ঘর উড়ে যায়। ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়।
হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি দুমড়ে মুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।
বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বয়সের জীবনে এমন ঘূর্ণিঝড় আর দেখেননি। হঠাৎ করে যেন কেয়ামত বয়ে গেছে।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখেছি। তাদেরকে সরকারিভাবে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা জানান, তিনি খবর পেয়েছেন। জেলা প্রশাসনের এক সভায় যুক্ত থাকায় ঘটনাস্থলে যেতে কিছুটা বিলম্ব হয়েছে।