Image description

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন। রোববার (১৯ জুলাই) জবি রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ রাত ১টায় এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বহিরাগতদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তির ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের সময় পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে খেলা চলাকালে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি পুলিশ প্রশাসনও ক্যাম্পাসে দায়িত্ব পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’