Image description

কিশোর অপরাধ, গ্যাং কালচার ও মাদকাসক্তি প্রতিরোধে ফেনী জেলা প্রশাসন মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরার ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে সন্তানদের প্রতি নজরদারি বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১৭ জুলাই) থেকে জেলাজুড়ে এ বিষয়ে সচেতনতামূলক ও পরামর্শমূলক মাইকিং শুরু হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দলের পাশাপাশি পুলিশও মাঠে কাজ করবে।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি উঠে এসেছে। অনেক শিক্ষার্থী মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে এবং তাদের একটি বড় অংশ পরবর্তীতে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীরা বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে নির্বিচারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এমনটি নয়। মূল লক্ষ্য কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা।

এ উদ্যোগ সফল করতে স্থানীয় অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে জেলা প্রশাসন।