Image description

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ভাল আছেন। আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও যোগ দিয়েছেন। এর আগে দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

রাত পৌনে ১০টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সহকারী একান্ত সচিব (এপিএস) কৃষিবিদ মো. ইউনুস আলী আগামীর সময়কে জানান, ‘স্যার এখন ভাল আছেন।’

আগামীকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের স্মরণসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলামের।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ‘দুপুরে (আজ বৃহস্পতিবার) রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি কিছু সময় বিশ্রাম নেন।’

মির্জা ফখরুল ইসলাম ২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় তার ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এরপর থেকে তাকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হচ্ছে। সর্বশেষ গত ৭ এপ্রিল চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল।