মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে একাদশ দিনের দাওয়াতী ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন।
বাংলাদেশ সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করছেন।
সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পূর্বে প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা সাজ্জাদ নোমানী। ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য প্রদান করবেন।
একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক এই কনফারেন্স ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে এবং দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামী চিন্তাচর্চায় আগ্রহী ব্যক্তিদের জন্য একটি কার্যকর জ্ঞানবিনিময়ের প্ল্যাটফর্মে পরিণত হবে।
চট্টগ্রাম সফরকালে দেশের ঐতিহ্যবাহী দুটি দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হাটহাজারী ও পটিয়ার শীর্ষ মাদ্রাসা পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার।
উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও লেখক। তিনি ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিয়া দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।
দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার কৃতী শিক্ষার্থী আল্লামা সাজ্জাদ নোমানী কুরআন, হাদিস, ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়াবলীতে গভীর গবেষণা ও প্রজ্ঞার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত। আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী এই গবেষক-আলেম ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, সামাজিক সম্প্রীতি এবং মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।